ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ : ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ইতিহাসে প্রথমবারের মতো তিনি একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে দাঁড়িয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। সাধারণ প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পর শহীদ মিনার ত্যাগ করেন; তবে এবার প্রধানমন্ত্রী সেই প্রথার বাইরে গিয়ে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। এতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের সাফল্য কামনা করা হয়।
রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের পর তিনি তাঁর মন্ত্রিসভা, দল এবং শহীদ রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

