পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময়সূচির সঙ্গে খাপ খাইয়ে ট্রেন চলাচলের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। উল্টো পথে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে চলবে।
সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে ট্রেনের হেডওয়ে অর্থাৎ এক ট্রেনের পর অন্য ট্রেনের ব্যবধান রাখা হয়েছে ৫–৮ মিনিটের মধ্যে। অন্য সময়ে এই ব্যবধান সর্বোচ্চ ১৫–২০ মিনিট পর্যন্ত হতে পারে।
রমজান মাসে যাত্রীদের সুবিধার জন্য স্টেশন ও ট্রেনে পানীয় জল বহন অনুমোদিত থাকবে। ইফতার সামগ্রী বহনের ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত নিরাপত্তা বিধি মানতে হবে। এছাড়া স্টেশন ও ট্রেনে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই সময়সূচি শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনেও কার্যকর থাকবে।

