লিমন মিয়া,সরিষাবাড়ী(জামালপুর)
জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পলায়ন, অতপর ফিরিয়ে আনার পরদিনই রাশেদা খাতুন (১৭) নামে মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড়া গ্রামের নিজবাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত রাশেদা খাতুন ওই গ্রামের আব্দুল হাকিম মেঘু মিয়ার মেয়ে। সে দাসেরবাড়ী বালিকা দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে রাশেদা প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। পরিবারের লোকজন রাতেই তাকে ফিরিয়ে আনে এবং মারধর করে।
এদিকে মঙ্গলবার ভোরে ওই বাড়িতে কান্নাকাটির শব্দ শুনে এলাকাবাসী গিয়ে মেয়েটির শোয়ার ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

