সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
শনিবার (৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে।
এ ছাড়া একই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৯ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।

