পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার (৪ জুলাই) তার পদত্যাগের খবর প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো এক চিঠিতে চন্দ্রিমা ভট্টাচার্য শুধু রাজ্য সভাপতির পদই নয়, দলীয় অন্যান্য দায়িত্ব থেকেও অব্যাহতি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এর ফলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে।
পদত্যাগের অংশ হিসেবে তিনি দলের ব্যাংক হিসাব পরিচালনার অনুমোদিত স্বাক্ষরকারী এবং ভারতের নির্বাচন কমিশনের কাছে দলীয় প্রতিনিধির দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন।
চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মন্ত্রী। তিনি বিভিন্ন সময়ে অর্থ, স্বাস্থ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নারী সংগঠনের অন্যতম শীর্ষ নেত্রী হিসেবেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন।
গত ৫ জুন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সুব্রত বক্সির স্থলাভিষিক্ত হয়ে রাজ্য সভাপতির দায়িত্ব পান তিনি। তবে দায়িত্ব নেওয়ার প্রায় এক মাসের মধ্যেই তার এই পদত্যাগ দলের সাংগঠনিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দমদম উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি প্রার্থী সৌরভ সিকদারের কাছে পরাজিত হন তিনবারের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। নির্বাচনের পর দলের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে তাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।
সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

