ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি তার বাবার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে তাকে প্রকাশ্যে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরানি কর্তৃপক্ষ।
শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ইরানের একাধিক সূত্রের বরাতে মোজতবা খামেনি বিশেষ করে আগামী ৯ জুলাই অনুষ্ঠিতব্য দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছার কথা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছেন। কিন্তু ইসরায়েলের সম্ভাব্য হামলা এবং তার অবস্থান প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে তেহরান।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মোজতবা খামেনির পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে তার স্ত্রী, কিশোর ছেলে এবং আরও কয়েকজন স্বজন ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, নিহত স্বজনদের স্মরণে সম্প্রতি আয়োজিত একটি অনুষ্ঠানেও মোজতবা খামেনি উপস্থিত হননি। তার অনুপস্থিতিকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, তিনি বর্তমানে কতটা সক্রিয়ভাবে নেতৃত্বের দায়িত্ব পালন করছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ইরানের সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মোজতবা খামেনিকে আপাতত জনসমক্ষে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

