দেশে হামের প্রাদুর্ভাব বাড়ার খবরের মাঝেই গাইবান্ধা জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫ জন শিশু ভর্তি হয়েছে।
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ রহমান জানিয়েছেন, সোমবার (১১ মে) রাত ৯টা পর্যন্ত হাসপাতালের শিশু বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ৫ জন শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
জেলায় হামের উপসর্গ দেখা দিলেও পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার আসিফ রহমান। তিনি জানান, জেলায় এই রোগের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়নি। হাসপাতালের নিয়মিত সেবা কার্যক্রম ও চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি সচল রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে হাম ছড়িয়ে পড়ার খবরের পরিপ্রেক্ষিতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

