মরক্কো সীমান্ত পেরিয়ে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বশাসিত ছিটমহল সেউতায় প্রবেশের সময় অন্তত ৩৪ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সীমান্তে অতিরিক্ত ভীড় ও সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় এই প্রাণহানির ঘটনা ঘটে।
শুক্রবার (৩১ জুলাই) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সেউতার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান জেসুস ভিভাস।
হুয়ান জেসুস ভিভাস জানান, গত কয়েক দিনে রেকর্ড সংখ্যক প্রায় ৬০ হাজার মানুষ সেউতায় প্রবেশ করেছেন, যা এই অঞ্চলের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। অনুপ্রবেশের পাশাপাশি সীমান্ত পার হতে গিয়ে প্রাণহানির ঘটনাও বেড়েছে এবং এ পর্যন্ত ৩৪ জনের লাশ উদ্ধারের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সেউতার প্রশাসনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুপ্রবেশকারী অভিবাসীদের সম্ভাব্য মোট সংখ্যার এটিই প্রথম আনুষ্ঠানিক তথ্য।
সংবাদমাধ্যমের ভিডিওচিত্রে দেখা গেছে, মরক্কো থেকে অনেকে ভাসমান ইনফ্ল্যাটেবল ডিভাইস ব্যবহার করে পানিপথে আবার অনেকে কাঁটাতারের বেড়া টপকে সেউতায় ঢোকার চেষ্টা করছেন। অনেকে বেড়িবাঁধ অতিক্রম করে রাস্তায় উঠে এসে ‘স্পেন দীর্ঘজীবী হোক’ স্লোগান দিচ্ছেন।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আফ্রিকার একমাত্র স্থলসীমান্ত হওয়ায় সেউতা ও মেলিলা সবসময়ই অবৈধ অভিবাসীদের ইউরোপে প্রবেশের অন্যতম বড় রুট। চলতি মাসের শুরুর দিকে স্পেনের সুপ্রিম কোর্ট এক রায়ে নির্দেশ দেন, সেউতা বা মেলিলায় পৌঁছানোর সময় সমুদ্রে আটকে পড়া অভিবাসীদের মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। এ রায়ের পর অনুপ্রবেশ কিছুটা ধীর থাকলেও সম্প্রতি সেখানে অভিবাসীদের আকস্মিক ঢল নামে।

