মোঃ রেজাউল হক শাকিল,
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই সৈকত মজুমদার পরিচালিত অভিযানে চাঁদপাড়া গ্রামের মাফজুল (৪১) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
একই দিনে এসআই সৈকত মজুমদারের আরেক অভিযানে দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. রুবেল (৩৫) মাদক সেবনের দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার দণ্ড পান।
এদিকে, এসআই মো. মাহতাব হোসাইনের পরিচালিত পৃথক অভিযানে মকিমপুর গ্রামের মো. জসিম পাঠান (৩৯) মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানায় দণ্ডিত হন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের অদ্য বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

