সত্যজিৎ দাস:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯ সূত্রে জানা যায়,শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ১১টা ২০ মিনিটে র্যাব-৯-এর সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের পুরাতন সিলেট-ঢাকা মহাসড়কের রামগঙ্গা চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের ফেলে যাওয়া চারটি লাল প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল পলিথিন ও খাকি রঙের স্কচ টেপে মোড়ানো ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন,দয়াময় বাকতি (৪০),পিতা: মৃত পুরেন্দ বাকতি এবং শংকর বাকতি (৩৬),পিতা: মহাদেব বাকতি। তারা উভয়েই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বেগমখান চা-বাগান এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা র্যাবকে জানান,তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
উদ্ধার হওয়া গাঁজা,গ্রেপ্তার দুই আসামি এবং অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

