জাহাঙ্গীর আলম, মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অভিযান চালিয়ে বীথি বেগম (৩৪) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (১১ মে) উপজেলার নগর ছাওয়ালি গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বীথি বেগম এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক তপু খান বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

