তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কার্যকরভাবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। নির্বাহী, আইন ও বিচার বিভাগের মতো গণমাধ্যমকেও একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন এক সাংবাদিককে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিকের জন্য আর্থিক সহায়তার চেকও হস্তান্তর করা হয়।
মন্ত্রী বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাংবাদিকদের কাজের পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
তিনি আরও জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর প্রক্রিয়া এগিয়ে চলছে। পাশাপাশি সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
সিনিয়র সাংবাদিকদের আর্থিক ও সামাজিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, মেধাবী ও অভিজ্ঞ সাংবাদিকদের পাশে রাষ্ট্রের থাকা উচিত। অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

