এম আর সজিব, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার রাতে পরিচালিত এ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব সূত্র জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন ও মাদক নির্মূলে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
র্যাব-৯, সিপিসি-৩ এর একটি দল গত ১৭ মে শনিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ধনপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লক্ষীরপাড় এলাকার একটি ইটের সোলিং রাস্তায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি খাকি রঙের কাগজের কার্টুনে থাকা ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রতন মিয়া (২১)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
র্যাব-৯ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।

