আল আমিন হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় সাপের কামড়ে মোঃ শামীম (৩০) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পাংশা থানাধীন মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলি গ্রামে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে যুবক শামীম তার নিজ বাড়ির পাশে জমির আইল দিয়ে যাওয়ার সময় বিষধর সাপের কবলে পড়েন। মৃত শামীম ওই গ্রামের হেলাল মৃধার পুত্র।
সাপে কাটার পর শামীম দ্রুত বাড়ি ফিরে তার বাবা-মাকে জানান যে, তাকে একটি ‘গোগরা’ (গোখরা) সাপ কামড় দিয়েছে।
শামীমকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে তার পরিবার প্রথমে স্থানীয় এক সাপুড়ের (ওঝা) কাছে নিয়ে যায়। সেখানে ঝাড়ফুঁক ও অপচিকিৎসায় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় শামীমের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক দেখে পরিবারের সদস্যরা তাকে রাত ৩টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীমকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের মতে, হাসপাতালে আনতে অতিরিক্ত দেরি হওয়ায় বিষ শরীরে ছড়িয়ে পড়েছিল। সময়মতো সঠিক চিকিৎসা বা অ্যান্টি-ভেনম দেওয়া সম্ভব হলে হয়তো যুবকটিকে বাঁচানো যেত।

