হামের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম।
দুদকে আবেদনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর। এতে অভিযোগ করা হয়, সাম্প্রতিক সময়ে সারাদেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় টিকা ও সিরিঞ্জ সংকটসহ স্বাস্থ্য খাতে অনিয়মের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আবেদনে বলা হয়, টিকা ক্রয়ের পদ্ধতিতে পরিবর্তন, সময়মতো প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহে ব্যর্থতা এবং স্বাস্থ্য খাতে বাজেট থাকা সত্ত্বেও যথাযথ ব্যবহার না করার কারণে শিশুদের জীবনঝুঁকি তৈরি হয়েছে।
এছাড়া স্বাস্থ্য খাতে টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের সম্ভাবনার কথা উল্লেখ করে বিষয়টি তদন্তের দাবি জানানো হয়।
দুদক চেয়ারম্যান বরাবর দেওয়া আবেদনে সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

