দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিনের টিকাদান কর্মসূচি পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে এই সিদ্ধান্তকে “ফৌজদারি অবহেলা” হিসেবে উল্লেখ করে বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে।
রিট আবেদনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ মোট ২৪ জনের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদনও করা হয়েছে।
রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দাখিল করেন। সেখানে অভিযোগ করা হয়, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের প্রক্রিয়ায় অনিয়ম ও দায়িত্বজ্ঞানহীনতা রয়েছে।
রিটে স্বাস্থ্য ও প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকেও বিবাদী করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে বিষয়টি নিয়ে ৬ এপ্রিল একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল বলে জানান আবেদনকারী আইনজীবী। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়ায় পরবর্তী পদক্ষেপ হিসেবে এই রিট করা হয়েছে।
আবেদনকারীর অভিযোগ অনুযায়ী, দেশে হামের সংক্রমণ বেড়ে গিয়ে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ পরিস্থিতির জন্য নীতিগত সিদ্ধান্ত ও বাস্তবায়ন প্রক্রিয়াকে দায়ী করা হয়েছে।

