আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে এই বৈশ্বিক আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্ব মঞ্চে বাংলাদেশ দলের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে ক্রিকেটকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করার আহ্বান জানায় সংস্থাটি।
ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মফাট বিবৃতিতে বলেন, টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে প্রত্যাহার এবং এর ফলে ক্রিকেটের শীর্ষ আন্তর্জাতিক আসর থেকে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেটিং দেশের অনুপস্থিতি খেলাটির জন্য, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এবং সমর্থকদের জন্য দুঃখজনক।
তিনি আরও বলেন, বিভাজন বা বর্জনের পরিবর্তে ক্রিকেটের নেতৃত্বকে সংস্থা, বিভিন্ন লিগ এবং খেলোয়াড়সহ সব অংশীজনের সঙ্গে একযোগে কাজ করে খেলাটিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিতে হবে।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিসিআই। ওই ঘটনার পর নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিবি।
পরবর্তীতে বিষয়টি নিয়ে একাধিক বৈঠক করে আইসিসি ও বিসিবি। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে।

