ভারতে কোন দল ক্ষমতায় এসেছে, তা নিয়ে এখনই চূড়ান্ত প্রতিক্রিয়া দেওয়ার সময় হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বা ভারতে যেকোনো রাজনৈতিক পরিবর্তন তাদের অভ্যন্তরীণ বিষয়, যা নিয়ে এখনই মন্তব্য না করাই ভালো।
মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের জনগণ নিজেদের সরকার নিজেরাই নির্বাচন করেছে। তাই সেখানে ক্ষমতার পরিবর্তন হলেও বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর সরাসরি কোনো প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার নানা ধরনের সংকটের মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের পরিস্থিতি উন্নত করার চেষ্টা চলছে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, দেশের পররাষ্ট্রনীতি সবসময়ই জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্ধারণ করা উচিত।

