ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে “শোভনীয় নয়” বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ঝিনাইদহের ঘটনার বিষয়ে এনসিপি এবং বিএনপি—উভয় পক্ষই রাজনৈতিকভাবে বিষয়টি দেখছে। তবে এমন ঘটনা গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট আদালতগুলো ছুটির সময়েও খোলা রাখার বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে আলোচিত রামিসা হত্যা মামলার অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামির জবানবন্দি নেওয়া হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ১ জুন থেকে মামলাটির বিচার কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, গত ২২ মে ঝিনাইদহ শহরে এনসিপি নেতার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন। অভিযোগের বিষয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া ও আলোচনা চলছে।

