মোঃ শরিফ বিল্লাহ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি চৌরাস্তায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চিলাহাটি চৌরাস্তা থেকে উত্তর সড়কগামী রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
বিশেষ করে এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়, চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অসংখ্য সাধারণ মানুষ। বৃষ্টির সময় সড়কে পানি জমে যাওয়ায় তাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে ১ নং ভোগডাবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম জানান, ওখানে পানি নিষ্কাশনের ড্রেন ছিল, ড্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি বৃহত আকারে ড্রেন করার প্রপোজাল পাঠিয়েছি, আশা করি দ্রুত সমাধান হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী জানান,খুব শিগগিরই একটি প্রকল্প আসবে। সেই প্রকল্পের মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধান করা হবে। এর আগে পরিস্থিতি পর্যালোচনার জন্য একজন প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হবে।

