যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার আগামী শনিবার (১৮ এপ্রিল) তিন দিনের সফরে ঢাকায় আসছেন। সফরকে কেন্দ্র করে শিশুদের কল্যাণ, সুরক্ষা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে।
সফরকালে তিনি বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন অংশীজনের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।
ঢাকার মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, এ সময় শিক্ষা, শিশুস্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং শিশু অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে।
তিন দিনের এই সফরে চার্লস জে. হার্ডার সরকারি কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়ন সংস্থা এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গেও মতবিনিময় করবেন। আলোচনার মূল লক্ষ্য হবে বাংলাদেশে শিশুদের জন্য আরও নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলা।
তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ কর্মসূচির বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দপ্তর বিশ্বব্যাপী শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে কাজ করে থাকে।

