ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের বাজারেও। এতে পেট্রোল ও গ্যাসোলিনের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন (প্রায় ৩.৭৮ লিটার) গ্যাসোলিনের গড় দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ডলার, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর দাম ৪ ডলারের ওপরে উঠেছিল।
এক বছর আগে একই সময়ে গ্যাসোলিনের গড় দাম ছিল প্রায় ৩.১৫ ডলার, অর্থাৎ তুলনামূলকভাবে বর্তমানে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
তবে দেশভেদে দামের বড় পার্থক্য রয়েছে। টেক্সাসের মতো তেল উৎপাদনকারী রাজ্যে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম প্রায় ৩.৭৮ ডলার হলেও ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যে তা ৫.৯৬ ডলারের কাছাকাছি পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, সংঘাত শুরুর আগে প্রতিদিন ১২০ থেকে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করলেও বর্তমানে তা কমে মাত্র ৮ থেকে ১০টিতে নেমে এসেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

