জামালপুর প্রতিনিধি:
নানা অনিয়ম ও দুর্নীতির কারণে জামালপুরের দেওয়ানগঞ্জের জাহাঙ্গীর আলম নামে একজন প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। জাহাঙ্গীর আলম চরভবসূর সাহাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। অনিয়ম ও দুর্নীতি তদন্তে একটি কমিটিও গঠন হয়েছে।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চরভবসূর উচ্চ বিদ্যালয়ের নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিদ্যালয় পরিচলনায় ব্যাপক অনিয়ম করে আসছিলেন। পরিচালনাকালিন বিদ্যালয়ের আয়-ব্যয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। কোন প্রকার অনুমোদন ছাড়াই নিজ ইচ্ছামত বিদ্যালয়ে অনুপস্থিত থাকতেন।
মোবাইল কোর্টে দন্ডপ্রাপ্ত বিদ্যালয়ের একজন কর্মচারীকে জেলাখানায় থাকা অবস্থায় নিয়মিত হাজিরা দেখিয়েছেন। তাকে বেতন ভাতাও দিয়েছেন প্রধান শিক্ষক। এ ছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ।
প্রাথমিক তদন্তে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি শাহ জহুরুল হোসেন এক লিখিত আদেশ বলে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে তার পদ থেকে অব্যাহতি দেন।বৃহস্পতিবার(১৬ জুলাই) ওই আদেশ দেওয়া হয়। একই আদেশে চরভবসূর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।
অব্যাহতি প্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত। বিষয়টি আইনগতভাবেই মোকাবেলা করবো।
এব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, বিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তচলাকালিন যাতে কোন প্রভার বিস্তার করতে না পারে এ কারনে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সার্বিক বিষয় তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার। তাদের কার্যক্রম চলমান আছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চুড়ান্তভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

