গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে কপিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা আব্দুল জলিল শেখও আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কপিল উদ্দিন মাস্টার ওই এলাকার ফজর উদ্দিনের ছেলে। তিনি ও আব্দুল জলিল শেখ সম্পর্কে চাচা-ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ছমছেল শেখের ছেলে আব্দুল জলিল শেখের সঙ্গে কপিল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নিলে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কপিল উদ্দিন মাস্টার। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনায় আব্দুল জলিল শেখও আহত হন। তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

