সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন মূল্যবান মেশিনের লোহার মোল্ড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,উপজেলার আশিদ্রোন ইউনিয়নে অবস্থিত গ্রীনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেডের একটি কারখানা থেকে গত ২৪ এপ্রিল ভোররাতে বেশ কিছু মূল্যবান লোহার মোল্ড চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্তে তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় রোববার (২৬ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর হারুর অর রশিদের নেতৃত্বে একটি দল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানে দক্ষিণ উত্তরসুর এলাকা থেকে ননী মালাকারের ছেলে নিতাই মালাকার (২৮) এবং শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ফজল শেখের ছেলে মো. মিলন শেখ (৩৮)কে গ্রেফতার করা হয়। মিলন শেখ বর্তমানে একই এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে চুরি হওয়া বিভিন্ন মেশিনের মোল্ড উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সোমবার (২৭ এপ্রিল) জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

