চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত রোববার একদিনেই প্রবাসী আয় এসেছে ১ হাজার ৬৯৫ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের একই সময়ে (এপ্রিলের প্রথম ২৬ দিন) রেমিট্যান্স ছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৯ দশমিক ৬০ শতাংশ।
এছাড়া চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২ হাজার ৪০৫ কোটি ৬০ লাখ ডলার। ফলে বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২০ দশমিক ২০ শতাংশ।

