সাবের হোসেন
৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর দলটির অধিকাংশ নেতা দেশ ছেড়ে পালিয়ে যান। বাকিরা দেশের ভেতরে আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে অনেকেই পুলিশের হাতে গ্রেফতার হন। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধ করার দাবি তোলেন।
ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে কয়েকদিন ধরে ছাত্রলীগের জটিকা মিছিল লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের একটি জটিকা মিছিল সবচেয়ে বেশি আলোচনায় আসে।
এদিকে ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বছর আবাসিক হল গেটের সামনে ড. ইউনূসকে ব্যঙ্গ করে রাতের আঁধারে ব্যানার টাঙানো হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
রমজান মাসে রাজধানীর উত্তরায় তাদের ইফতার মাহফিল আয়োজনের কথাও উল্লেখ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে “ঢাকা কলেজ ছাত্রলীগ” নামে একটি ফেসবুক পেজ রয়েছে, যেখানে ছয় হাজারের বেশি অনুসারী রয়েছে। ওই পেজে নিয়মিতভাবে আওয়ামী লীগের বিভিন্ন ভিডিও ও পোস্ট প্রকাশ করা হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও সংশয় তৈরি হয়েছে। তবে কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন বলছে, কোনোভাবেই ঢাকা কলেজে ছাত্রলীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।

