মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার আড়িয়াল ও দীঘিরপাড় ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আড়িয়াল ইউনিয়নের ফজুশাহ শোলাকান্দা বিলে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. রিজান ঢালী (১৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রিজান ঢালী উপজেলার বসাউল্লাহ এলাকার মনির ঢালীর ছেলে।
একই দিনে দিঘীরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে মো. আরাফাত খাঁ (২২) নিহত হন। তিনি স্থানীয় জসিম খাঁর ছেলে।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

