লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, সীমান্তে একের পর এক প্রাণহানির ঘটনা চলতে থাকলে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রকৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। একই সঙ্গে তিনি এই ধরনের হত্যাকাণ্ড বন্ধে বিএনপি সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
শুক্রবার (১৫ মে) নিজের ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল জানান, গত ১৩ মে লালমনিরহাটের আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হন। তিনি দাবি করেন, দেশে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পরও সীমান্তে গুলি করে হত্যার ঘটনা থেমে নেই।
সীমান্তে গুলি চালানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাকে আটক করা বা সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়ে থামানো সম্ভব। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, গ্রেপ্তার বা আহত করার বদলে সরাসরি গুলিতে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। তিনি মনে করেন, এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
ড. আসিফ নজরুল আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালেও সীমান্ত হত্যার ঘটনায় কঠোর প্রতিবাদ জানানো হতো এবং সংশ্লিষ্টদের কাছে জবাবদিহি চাওয়া হতো। বর্তমান সরকারকেও একইভাবে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সীমান্তে রক্তপাত বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। কারণ লাশের ওপর দাঁড়িয়ে দুই দেশের মধ্যে টেকসই ও আন্তরিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়।

