সত্যজিৎ দাস:
সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ও রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া দুই শিশুর একজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবং অন্যজনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,শ্রীমঙ্গলের মৃত শিশুটি ১০ মাস বয়সী ছেলে। গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৫ এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,তীব্র ব্রঙ্কোপনিউমোনিয়া এবং সন্দেহজনক হামজনিত জটিলতার কারণে শক ও হৃদ্যন্ত্রের অকার্যকারিতার ফলে তার মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৫ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৯৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

