নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দুটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় সহ বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে ‘মেসার্স শংম্খর সাহা এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স রাজিব ট্রেডার্স’ নামীয় দুটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে অভিযুক্ত করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পৃথক দুটি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে।
এ সময় অভিযান চালিয়ে আনুমানিক ৩১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা। জব্দকৃত জ্বালানি সরকারিভাবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রশাসন জানিয়েছে, জেলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

