শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) রাত আনুমানিক ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন সরদার (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। পরে সেখানে বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বুধবার রাতে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

