ইরানের সঙ্গে আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ট্রাম্প এক ঘণ্টার মধ্যে যে সাতটি দাবি করেছেন, তার সবকটিই ভুল তথ্যের ওপর ভিত্তি করে। খবরটি জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।
গালিবাফ বলেন, “এই ধরনের মিথ্যাচার দিয়ে তারা যেমন যুদ্ধে সফল হয়নি, তেমনি আলোচনার ক্ষেত্রেও কোনো ফল পাবে না।”
তিনি আরও দাবি করেন, অবরোধ চলমান থাকলে হরমুজ প্রণালি নিয়ে সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে এবং এর ব্যবহার নির্ধারিত হবে ইরানের অনুমতি ও বাস্তব পরিস্থিতির ভিত্তিতে। তার ভাষায়, “এ ধরনের সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, বাস্তবতার আলোকে নেওয়া হয়।”
ইরানি পার্লামেন্ট স্পিকার অভিযোগ করেন, তথ্য ও জনমত প্রভাবিত করতে গণমাধ্যম যুদ্ধ এখন বর্তমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তবে ইরানি জনগণ এসব কৌশলে প্রভাবিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, সাম্প্রতিক আলোচনার বিষয়ে সঠিক তথ্য জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য অনুসরণ করা উচিত।
উল্লেখ্য, এর আগে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত একটি মধ্যস্থতাকারী আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গালিবাফ।

