মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ইরানের পরিবর্তে ভুলবশত ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ উল্লেখ করেছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (৯ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ কয়েক মাস আগে একটি মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তিনি আরও দাবি করেন, ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে অল্প সময়ের ব্যবধানে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও সেগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছিল।
তবে জাপানের সংবাদমাধ্যম কিয়োডো নিউজ বলেছে, ট্রাম্প সম্ভবত বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ইরানের পরিবর্তে জাপানের নাম উচ্চারণ করেছেন। তাদের বিশ্লেষণে বলা হয়, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র জাপানকে তিনি ভুল করে ইরানের সঙ্গে গুলিয়ে ফেলেছেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্যকে একটি ‘স্লিপ অব দ্য টাং’ বা মুখ ফসকে বলা বক্তব্য হিসেবে দেখা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র ও জাপান বহু বছর ধরে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী হিসেবে কাজ করছে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের কৌশলগত সম্পর্ক ক্রমেই আরও শক্তিশালী হয়েছে।
অন্যদিকে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখনও টানাপোড়েনপূর্ণ। এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কাছাকাছি একটি ড্রোন ভূপাতিত করা হয়। পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে দুই পক্ষের সংঘাত নতুন মাত্রা পায়, যা এখন চতুর্থ মাসে গড়িয়েছে।
ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস বা জাপান সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

