মধ্যপ্রাচ্যে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে “ভালো খবর” পাওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
শুক্রবার (১৭ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কিছুক্ষণ আগেই তিনি ইতিবাচক একটি বার্তা পেয়েছেন, যা ইরান ইস্যুর অগ্রগতির ইঙ্গিত দিতে পারে।
তিনি বলেন, “মাত্র ২০ মিনিট আগে আমি কিছু খুব ভালো খবর পেয়েছি। মনে হচ্ছে ইরান পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে।”
ট্রাম্প আরও জানান, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে। তবে কী ধরনের খবর তিনি পেয়েছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।
এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, ইরান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কূটনৈতিক ও নিরাপত্তা পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সমঝোতার ঘোষণা আসেনি।

