মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের প্রবাসী ফয়সাল আহমেদ এর স্ত্রী রিপা আক্তার (১৯) হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে রিপা আক্তারের বাবা সালাউদ্দিন চাটখিল থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
রিপার বাবা সালাউদ্দিন জানান, গত রমজান মাসে তার মেয়ে রিপার সাথে প্রসাদপুর গ্রামের সৌদি প্রবাসী ফয়সাল আহমেদ এর সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর ফয়সাল প্রবাসে চলে যায়। গতকাল ১৯ জুন (শুক্রবার) সকালে রিপা বাবার বাড়ি থেকে প্রসাদপুর শশুর বাড়িতে যায়। সন্ধ্যা ৬টার সময় রিপার শশুর বাড়িতে থেকে খবর দেয় রিপা অসুস্থ।
রিপার স্বামী প্রবাস থেকে মোবাইল ফোনে রিপার বাবাকে বলেন, রিপাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই সময় রিপার সাথে রিপার চাচা আলাউদ্দিন মোবাইল ফোনে কথা বলেছেন। তিনি বলেন রিপাকে অসুস্থ মনে হয়নি। এরপর রিপার বাবা সালাউদ্দিন রাত ৮টায় প্রসাদপুর ফয়সালদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন তার মেয়ে রিপার লাশ বাড়ির উঠানে রেখে দিয়েছে। ফয়সালের পরিবারের লোকজন বলেন, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রিপার বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার দাবি করছে তারা।তিনি এই ব্যাপারে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

