যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আটজন নারীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা রয়েছে। তিনি বলেছেন, এই নারীদের মুক্তি দিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার পথ আরও সহজ হতে পারে।
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, “এই নারীদের মুক্তি পেলে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। আমাদের আলোচনার জন্য এটি একটি দারুণ সূচনা হতে পারে।”
প্রতিবেদন অনুযায়ী, এই আট নারীকে ফাঁসির মুখে পড়ার দাবি করা হলেও তাদের পরিচয় ও পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এই আহ্বান এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে এবং উভয় দেশের মধ্যে উত্তেজনা এখনো উচ্চ পর্যায়ে রয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য একদিকে মানবিক বার্তা হলেও অন্যদিকে এটি কূটনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেও দেখা হচ্ছে, যাতে আলোচনার আগে ইরানের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপ আদায় করা যায়।

