সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
“জলবায়ুর সুরক্ষায় প্রকৃতির অনুপ্রেরণা গড়ব ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার (৫ জুন) মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন হ্যান্ডস বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যান্ডস বাংলাদেশের সভাপতি সৈয়দ ফয়েজ আহমেদ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ মান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক মো. আবিদ হোসেন। তিনি বলেন,পরিবেশ রক্ষা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান,আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক এম এ করিম,শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক নাসির আহমেদ,হ্যান্ডস বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মাসুদ,সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ হাবিবুর রহমান,শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক শাহানা বেগম,নির্বাহী সদস্য রিপন আহমেদ ও শাহ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংগঠনের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অয়ন চৌধুরী বলেন, “বৃক্ষ আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখার অন্যতম অনুঘটক। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। তাই একটি বৃক্ষ কাটলে অন্তত দুটি বৃক্ষ রোপণ করতে হবে এবং সেগুলোর পরিচর্যার দায়িত্বও নিতে হবে।”
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

