মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর নলছিটি শহরের বিভিন্ন মসজিদের মুসল্লিদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি নলছিটি মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় শহীদ সেলিম তালুকদার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন নলছিটি মডেল মসজিদের ইমাম মুফতি আতিকুর রহমান, কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আবু সালেহ, চঞ্চল হোসেন, মামুন হাওলাদার এবং শহীদ ওসমান হাদির ছোট ভগ্নিপতি মো. আমির হোসেন হাওলাদারসহ অন্যান্যরা।
বক্তারা ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, বিদেশি আধিপত্যের বিরুদ্ধে সংগ্রামরত একজন বিপ্লবী নেতাকে হত্যার ঘটনায় এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এসময় বক্তারা দাবি করেন, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে হত্যাকাণ্ডে বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার বিষয়ে যে আলোচনা তৈরি হয়েছে, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তারা জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন তদন্তের অগ্রগতি জনসম্মুখে প্রকাশেরও আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি জনসম্মুখে তুলে ধরার দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

