আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী এবং উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক তোফায়েল আহমেদের মরদেহ নিজ জেলা ভোলায় পৌঁছেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মরদেহ বহনকারী হেলিকপ্টার ভোলা হেলিপ্যাডে অবতরণ করে। পরে জানাজার জন্য মরদেহ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে দুপুর ১টার দিকে মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারে করে মরদেহ ভোলার উদ্দেশে রওনা হয়।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে দক্ষিণ গঙ্গাপুর এলাকার কোরালিয়া গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এর আগে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক মন্ত্রী, বিশিষ্টজন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গত বছরের ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। জীবনের শেষ আট মাসেরও বেশি সময় রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কাটান এই বর্ষীয়ান রাজনীতিক।

