সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা,মাদক বিক্রির ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়,গত ৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে একটি আভিযানিক দল শ্রীমঙ্গল সড়কের পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে চালককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
তল্লাশিকালে দুটি শপিং ব্যাগে থাকা চারটি প্যাকেট থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২),সাব্বির আহমদ (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন,তারা জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবা এনে মৌলভীবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

