মতলব, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবী, সামাজিক, শিক্ষামূলক ও সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটি-এর উদ্যোগে বিবাহিত ও অবিবাহিত একাদশের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৪টায় মতলব দক্ষিণের ঐতিহাসিক নিউ হোস্টেল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ফল নির্ধারণে ট্রাইবেকারের আশ্রয় নেওয়া হয়। ট্রাইবেকারে ৬-৫ গোলে বিবাহিত একাদশকে পরাজিত করে অবিবাহিত একাদশ বিজয়ী হয়। খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অবিবাহিত দলের গোলরক্ষক উদয় ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
সংগঠনের উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক মোঃ আশরাফুল জাহান শাওলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মতলবের কৃতি সন্তান আফজালুর রহমান। খেলাটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মতলব সার্কেলের সিনিয়র পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব। ম্যাচটি পরিচালনা করেন মোঃ আরমান হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক আলমাস প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র-প্রতিনিধি মোঃ ফয়সাল খন্দকার, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম লিংকন।
উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান, ক্রীড়া সংগঠক কামরুল ইসলাম নিপু, অনিক খানসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আফজালুর রহমান বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের সামাজিক ও অরাজনৈতিক উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ফ্রেন্ডস জোন সোসাইটি যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজের জন্য একটি দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, “তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি স্তরে এ ধরনের উদ্যোগ বাড়াতে পারলে একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনে মাঠে উপস্থিত দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং খেলাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

