রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
শনিবার (২৫ এপ্রিল) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি প্রশাসনকে আরও জনমুখী ও সেবাধর্মী করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা প্রমাণ করে দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের ধারাবাহিক অঙ্গীকার রয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্পষ্ট করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। জনগণের প্রত্যাশা পূরণে জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

