সত্যজিৎ দাস, মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এক সময়ের ছাত্ররাজনীতিতে সক্রিয় মুখ তিমির বণিক বর্তমানে সাংবাদিকতা ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, ছাত্রজীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে ভূমিকা রাখেন।
সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ও সংগঠক হিসেবে তিমির বণিক বিভিন্ন সময় মিছিল, সভা-সমাবেশ ও আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি কর্মীদের সংগঠিত করা এবং ছাত্রসমাজকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও তার ভূমিকা স্থানীয়ভাবে আলোচিত ছিল।
পরবর্তীতে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে এসে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। বর্তমানে স্থানীয় সংবাদ সংগ্রহের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি।
এদিকে শ্রীমঙ্গল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা না চালালেও স্থানীয় বাসিন্দাদের একটি অংশ তাকে সম্ভাব্য কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন বলে জানা গেছে।
তিমির বণিক স্থানীয় ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হলে ওয়ার্ডের মৌলিক সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, ৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যার মধ্যে রয়েছে বিশুদ্ধ পানির সংকট, জলাবদ্ধতা এবং পর্যাপ্ত সড়কবাতির অভাব। এসব সমস্যা সমাধানে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ ও উন্নত আলোকায়নের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
তিমির বণিক আরও বলেন, জনসেবাকে প্রাধান্য দিয়ে তিনি কাজ করতে চান এবং এলাকার উন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন। তার লক্ষ্য ৯ নম্বর ওয়ার্ডকে নিরাপদ ও আধুনিক নগর সুবিধার আওতায় আনা।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের রাজনৈতিক প্রভাব ও সংগঠন গড়ে তোলার ভূমিকা দীর্ঘদিন ধরে আলোচিত। স্থানীয় সূত্রের দাবি, তিমির বণিক তার রাজনৈতিক সময়কালে মরহুম সাইফুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বিশ্বস্তজন হিসেবে পরিচিত ছিলেন।

