তুরস্কে এক বৈঠকে হরমুজ প্রণালি ইস্যুসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, Antalya Diplomacy Forum-এর পার্শ্ব বৈঠকে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে হরমুজ প্রণালিতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতিপ্রাপ্ত দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা রয়েছে।
আলোচনায় সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা হয়। পররাষ্ট্রমন্ত্রী সংকট নিরসনে সংযম, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে তেহরান সফরের আমন্ত্রণ জানান। তিনি জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উভয় পক্ষ এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছেন।

