জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখায় দীর্ঘ ২৪ ঘণ্টা আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নিয়ে যায়।
উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বর্মন (৬৮)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামে। তিনি ওই গ্রামের বাবু চন্দ্র বর্মনের ছেলে।
এর আগে বুধবার (১০ জুন) সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বৃদ্ধ ষষ্ঠী বর্মনকে গ্রহণ করতে কেউ সম্মত হয়নি।
পরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। এরপর তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।

