সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জ শাহজাদপুরে নরিনা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আম গাছে ঝুলন্ত অবস্থায় হাসমত ফকির (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত হাসমত নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে এবং তিনি ২ সন্তানের জনক ছিলেন।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে নরিনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চত্বরে একটি আমগাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো: হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ সময় শাহজাদপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) নাজমুল কাদের জানান, প্রাথমিকভাবে সুরতহাল করে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা তবে অধিক তদন্তের জন্য লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

