ভারতের তামিলনাড়ু-এর রাজনীতিতে নতুন মোড়ের খবর সামনে এসেছে। জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়-এর দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠনের পথে এগোচ্ছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার (৮ মে) বিকেলে কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও সিপিএম টিভিকে-কে সমর্থন দিয়েছে বলে খবর পাওয়া যায়। এর ফলে রাজ্যটিতে সরকার গঠন নিয়ে কয়েকদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে বলে জানানো হয়।
নির্বাচনে টিভিকে ১০৭টি আসন লাভ করে। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ১১৮ আসন। জোট সমর্থনের মাধ্যমে সেই ঘাটতি পূরণ হয়েছে বলে দাবি করা হচ্ছে।
তবে ডিএমকে ও এআইএডিএমকে’র রাজনৈতিক অবস্থান এবং জোটগত সিদ্ধান্ত নিয়ে এখনো বিভ্রান্তি ও ভিন্নমত রয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা স্পষ্ট নয় বলে রাজনৈতিক মহল জানিয়েছে।
সূত্র: এনডিটিভি

