জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে।
মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানসহ আরও কয়েকজন রাজনৈতিক ও স্থানীয় পর্যায়ের নেতা।
এর আগে ১৩ মে ট্রাইব্যুনাল তিনটি পৃথক অভিযোগ আমলে নিয়ে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রথম ঘটনায় চাষাঢ়া ও ফতুল্লা এলাকায় ছয়জন, দ্বিতীয় ঘটনায় ভূইগড় এলাকায় দুইজন এবং তৃতীয় ঘটনায় আরও দুইজন নিহত হন বলে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গ্রহণ করে। আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলছে এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে তাদের পক্ষে শুনানি পরিচালিত হচ্ছে।

