শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ দেশ সেরা কাব স্কাউট শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের শ্বাসকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বাদল। শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম জানান, শনিবার বিভিন্ন ক্যাটাগরির চূড়ান্ত ফলাফল জেলা পর্যায়ে পাঠানো হয়। ফলাফলে ১৭টি ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) মো. মোস্তাফিজুর রহমান বাদল নির্বাচিত হয়েছেন। আগামী ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রেষ্ঠত্বের পদক প্রদান করবেন।
সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বাদল বলেন, এই সম্মান কেবল আমার একার নয়, বরং সৈয়দপুরের সবার। এই জন্য প্রাথমিক শিক্ষা পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। এই স্বীকৃতি তাকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার মানসিকতায় অনুপ্রাণিত করবে বলে জানান তিনি।

